ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে দেশব্যাপী হামলা চালানোর পর ইসরায়েলের উত্তরাঞ্চলে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। খবর আল জাজিরার।

সামরিক বাহিনীর ঘোষণার পরপরই উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। ধারণা করা হচ্ছে, প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার সময় এসব বিস্ফোরণ ঘটেছে।

এর আগে, ইরানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। আজ শনিবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ও এক মার্কিন কর্মকর্তা এ তথ্য জানান।

এক বিবৃতিতে ইসরায়েল কাটজ বলেন, ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হুমকির প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করেন, ইরানের পাল্টা হামলার ঝুঁকি রয়েছে।

ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষ দেশটির আকাশসীমা সব ধরনের বেসামরিক ফ্লাইটের জন্য বন্ধ ঘোষণা করেছে। একই সঙ্গে জনগণকে বিমানবন্দরে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

এদিকে ইরানি গণমাধ্যম জানিয়েছে, রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহুরি এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

অপরদিকে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, ইরানের রাজধানীতে যে হামলা হয়েছে তা দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের কাছাকাছি এলাকায় ঘটেছে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version