মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান থেকে ইসরায়েল লক্ষ্য করে চার শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
রোববার (২২ মার্চ) ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)-এর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ৪০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। এ পরিস্থিতিতে দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আইডিএফ জানায়, তাদের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের প্রায় ৯২ শতাংশই আকাশেই ধ্বংস করা সম্ভব হয়েছে।
এ বিষয়ে আইডিএফের মুখপাত্র নাদাভ শোশানি বলেন, “ইরান ৪০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে প্রতিহত করার ক্ষেত্রে আমরা বড় সাফল্য পেয়েছি। আমাদের সফলতার হার প্রায় ৯২ শতাংশ।”
এর আগে একই দিনে টেলিগ্রামে দেওয়া এক বার্তায় আইডিএফ জানায়, ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং সম্ভাব্য হামলা মোকাবিলায় প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সক্রিয় রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তাও পাঠানো হয়েছে।
এদিকে, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং দাবি করেছে, হামলার নতুন ধাপ ইতোমধ্যে শুরু হয়েছে।
অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ২৫টি ড্রোন ভূপাতিত করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, চলমান উত্তেজনার মধ্যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন পর্যন্ত শতাধিক ক্ষেপণাস্ত্র ও বিপুলসংখ্যক ড্রোন প্রতিহত করেছে।
বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা আরও জোরদার হয়েছে।
ম্যাংগোটিভি /আরএইচ

