যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত কার্যত শেষ হয়েছে। শুক্রবার (১ মে) কংগ্রেস নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে তিনি জানান, যুদ্ধবিরতির পর থেকে আর কোনো বড় ধরনের সংঘর্ষ হয়নি এবং গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া শত্রুতার অবসান ঘটেছে।

তবে ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান-এর পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি এখনো রয়ে গেছে এবং তা মোকাবিলায় প্রস্তুতি অব্যাহত থাকবে।

চিঠিতে তিনি দাবি করেন, এই সংঘাতে কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদনের প্রয়োজন হয়নি। পাশাপাশি ভবিষ্যতে সেনা মোতায়েন বা অবস্থান পরিবর্তনের বিষয়ে কংগ্রেসকে অবহিত করা হবে বলেও জানান তিনি। মার্কিন সেনাদের পুনর্বিন্যাস করা হচ্ছে ইরান ও তার মিত্রদের সম্ভাব্য হুমকি মোকাবিলা এবং মিত্র দেশগুলোর নিরাপত্তা জোরদারের জন্য-এমন কথাও উল্লেখ করেন ট্রাম্প।

এদিকে, ডেমোক্র্যাট সিনেটর জিন শাহীন ট্রাম্পের এই অবস্থানের সমালোচনা করে বলেন, ৬০ দিনের সংঘাতের পরও প্রশাসনের কোনো স্পষ্ট কৌশল বা ‘এক্সিট প্ল্যান’ নেই।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ওয়ার পাওয়ারস রেজুলেশন অনুযায়ী, কোনো প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমোদন ছাড়া সর্বোচ্চ ৬০ দিন সামরিক অভিযান চালাতে পারেন। এরপর যুদ্ধ চালিয়ে যেতে হলে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হয়। তবে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখনো কোনো দীর্ঘমেয়াদি শান্তিচুক্তি হয়নি, ফলে ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version