মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো প্রয়োজন নেই। তার দাবি, প্রচলিত সমরাস্ত্র দিয়েই যুক্তরাষ্ট্র তাদের সামরিক লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে বিবিসি।
এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি কেন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে যাব? এটি একটি বোকামিপূর্ণ প্রশ্ন। আমরা প্রচলিত অস্ত্রেই তাদের পুরোপুরি বিধ্বস্ত করেছি। তাহলে পারমাণবিক অস্ত্রের কী প্রয়োজন? পৃথিবীর কারও জন্যই এ ধরনের অস্ত্র ব্যবহারের অনুমতি থাকা উচিত নয়।’
জ্বালানি তেলের দাম নিয়ে উদ্বেগ প্রসঙ্গে তিনি সরাসরি উত্তর না দিয়ে বিষয়টিকে ইরানের পারমাণবিক সক্ষমতার সঙ্গে তুলনা করেন। ট্রাম্প বলেন, তেলের দাম নয়, বরং একটি পারমাণবিক শক্তিধর ইরানকে থামানোই বেশি জরুরি।
তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের কাছে পর্যাপ্ত তেল মজুত রয়েছে এবং বৈশ্বিক বাজারে মার্কিন তেলের চাহিদা বেড়েছে।
যুদ্ধবিরতির প্রেক্ষাপটে ট্রাম্প জানান, তিনি কোনো তাড়াহুড়ো করছেন না এবং একটি ‘সেরা চুক্তির’ অপেক্ষায় রয়েছেন। হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ নৌপথ এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে এবং ইরান চুক্তিতে না এলে তা খুলে দেওয়া হবে না।
ট্রাম্প আরও বলেন, ‘আমি চাই না যুদ্ধবিরতির সময় ইরান তেল বিক্রি করে প্রতিদিন ৫০ কোটি ডলার আয় করুক। প্রয়োজনে সামরিকভাবেই এই পরিস্থিতির সমাপ্তি ঘটানো হবে।’
ম্যাংগোটিভি /আরএইচ


