ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ‘পুরো বিশ্বকে রক্ষা’ করছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, সাম্প্রতিক হামলায় ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার দাবি, তেহরান এখন আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা রাখে না। তবে এসব দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি তিনি।

নেতানিয়াহু জানান, এই সামরিক অভিযানের মূল লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ‘নির্মূল’ করা। পাশাপাশি, ইরানের জনগণ যেন নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করতে পারে, সেই পরিবেশ তৈরি করাও এ অভিযানের উদ্দেশ্য বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে এ বিষয়ে তার ‘চিন্তাভাবনা অভিন্ন’। একই সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে এই সংঘাতে জড়িয়ে ফেলেছে—এমন অভিযোগকে ‘ভুয়া খবর’ হিসেবে উড়িয়ে দেন তিনি।

বিশ্লেষকদের মতে, এমন বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও উসকে দিতে পারে এবং সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়াতে পারে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version