শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর ৭৭৫ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৪৯০ টাকা মূল্যের রাইটস শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে ‘ব্লু-ওয়েলথ ফার্স্ট স্ট্যাবল রিটার্ন ফান্ড’ নামে একটি নতুন বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাসও অনুমোদন পেয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১০১৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিশনের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. আবুল কালাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিএসইসি জানিয়েছে, ইউসিবি ১০ টাকা অভিহিত মূল্যের ৭৭ কোটি ৫১ লাখ ৮৭ হাজার ৯৪৯টি সাধারণ শেয়ার রাইটস শেয়ার হিসেবে ইস্যু করবে।
বিদ্যমান প্রতি দুটি শেয়ারের বিপরীতে একটি রাইটস শেয়ার (১:২ অনুপাতে) বরাদ্দ দেওয়া হবে। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।
এ ইস্যুর মাধ্যমে ব্যাংকটি মোট ৭৭৫ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৪৯০ টাকা সংগ্রহ করবে।
সংগৃহীত অর্থ ব্যাংকের নিয়মিত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় ব্যয় করা হবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
এদিকে একই সভায় ‘ব্লু-ওয়েলথ ফার্স্ট স্ট্যাবল রিটার্ন ফান্ড’-এর খসড়া প্রসপেক্টাস ও সারসংক্ষেপ অনুমোদন দেওয়া হয়েছে। ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা প্রতিষ্ঠান ব্লু-ওয়েলথ অ্যাসেটস লিমিটেড বিনিয়োগ করেছে ৩ কোটি টাকা। বাকি ২৭ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে।
ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা। সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করবে ব্লু-ওয়েলথ অ্যাসেটস লিমিটেড। ট্রাস্টি হিসেবে থাকবে সানধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (এসএলআইসি) এবং কাস্টডিয়ান হিসেবে দায়িত্ব পালন করবে কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি।
ম্যাংগোটিভি /আরএইচ

