বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্টে সাইবার হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে ধারাবাহিকভাবে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে সাইবার হামলা চালানো হচ্ছে। সম্প্রতি জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর এবার সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের এক্স আইডি হ্যাক করা হয়েছে।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দুষ্কৃতিকারীরা মঙ্গলবার রাত ৯টা ৩ মিনিটের দিকে ডিভাইস হ্যাকিংয়ের মাধ্যমে অ্যাকাউন্টটি থেকে একটি আপত্তিকর পোস্ট দেয়। বিষয়টি কেন্দ্রীয় সোশ্যাল মিডিয়া টিমের নজরে আসার সঙ্গে সঙ্গে পোস্টটি মুছে ফেলা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা যতই চেষ্টা করুক না কেন, খুব শিগগিরই তাদের পরিচয় জাতির সামনে উন্মোচিত হবে। যারা এ ধরনের গুরুতর অপরাধে জড়িত, তারা যতই প্রভাবশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version