দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী আগস্টের শেষ সপ্তাহ থেকে বাংলাদেশ থেকে নতুন কর্মী মালয়েশিয়ায় পাঠানো শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে স্বল্প খরচে কর্মী পাঠানো হবে এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। এ সময় মালয়েশিয়া সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

মাহদী আমিন বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ পুনরায় চালু করতে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ে একাধিক ইতিবাচক আলোচনা হয়েছে। এসব বৈঠকে বন্ধ শ্রমবাজার চালু, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত এবং অভিবাসন ব্যয় কমানোর বিষয়ে নীতিগত ঐকমত্য হয়েছে।

তিনি জানান, মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমাতে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে স্বল্প খরচে কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে কর্মী পাঠানোর সংখ্যা বাড়ানো হবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সরকার এমন একটি কর্মী নিয়োগ ব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে যোগ্য কর্মীরা স্বচ্ছ ও বৈধ প্রক্রিয়ায় বিদেশে যাওয়ার সুযোগ পাবেন এবং দালালচক্রের হয়রানি বা অতিরিক্ত ব্যয়ের শিকার হবেন না।

তিনি আরও জানান, নতুন কর্মী পাঠানোর পাশাপাশি মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি কর্মীদের কল্যাণ, অধিকার সুরক্ষা এবং কর্মপরিবেশ উন্নয়নের বিষয়েও দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে।

মাহদী আমিন আশা প্রকাশ করেন, সাম্প্রতিক উচ্চপর্যায়ের আলোচনা সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হবে। এতে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ বাড়ার পাশাপাশি রেমিট্যান্স প্রবাহও আরও শক্তিশালী হবে।

তিনি বলেন, কর্মী নিয়োগের পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি ও কর্মীবান্ধব নীতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে দ্রুত সমন্বয়ের নির্দেশনা দেওয়া হয়েছে।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version