স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগে কোনো ধরনের দুর্নীতি ঘটেনি। এসব নিয়োগ সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে বিরল।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) পুলিশ সদরদপ্তরে আয়োজিত ‘হল অব ইন্টেগ্রিটি’-তে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, ‘নিয়োগের ক্ষেত্রে অন্তত আমার দপ্তর থেকে কোনো তদবির করা হয়নি, তা হলফ করে বলতে পারি। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনসার, বিজিবি, কোস্টগার্ডসহ বিভিন্ন বাহিনীর নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকার কারণে জাতীয় নির্বাচন প্রশংসিত হয়েছে।’
উল্লেখ্য, রোববার (১৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বিশেষ কেবিনেট বৈঠকে প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর অবদানকে অকুণ্ঠভাবে প্রশংসা করেছেন। জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশের এ সম্মানজনক অবস্থান আরও উন্নীত করার আহ্বান জানিয়েছেন।
সভায় স্বাগত বক্তব্য দেন আইজিপি বাহারুল আলম। এছাড়া উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত, র্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান ও পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) আওলাদ হোসেন।
এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টা সম্প্রতি বিমানবাহিনী, নৌবাহিনী, কোস্ট গার্ড, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং বাংলাদেশ আনসার ও ভিডিপি অধিদপ্তরের আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।
ম্যাংগোটিভি /আরএইচ

