জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নিজের অনাকাঙ্ক্ষিত ভুল-ত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়েছেন। একইসঙ্গে ভবিষ্যতে অপ্রয়োজনীয় বক্তব্য থেকে বিরত থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

বুধবার (১৮ মার্চ) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি। রমজানের শুরু থেকেই দেশের বিভিন্ন জেলায় ঘুরে তারাবিহ নামাজ আদায় করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার রাজধানীর তাকওয়া মসজিদে ‘কিয়ামুল লাইলের মাধ্যমে আত্মিক যাত্রার সূচনা’ করার কথাও তিনি উল্লেখ করেন। পবিত্র রমজান মাসের শেষভাগে নফল ইবাদত শুরু করে তিনি বলেন, তার কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছেন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন মহলের পরামর্শ পাওয়ার কথা উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বয়োজ্যেষ্ঠ, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী ও সহযোদ্ধাদের কাছ থেকে ব্যক্তিগত আক্রমণ পরিহার এবং গঠনমূলক আলোচনায় মনোযোগ দেওয়ার দিকনির্দেশনা পেয়েছেন তিনি।

তিনি আরও বলেন, এসব পরামর্শ তিনি বিনয়ের সঙ্গে গ্রহণ করেছেন এবং ভবিষ্যতে আরও শান্ত ও দায়িত্বশীলভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রার্থী হওয়ার পর থেকে বিভিন্ন বক্তব্যের কারণে আলোচনায় আসেন নাসীরুদ্দীন পাটওয়ারী। বিশেষ করে প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা মির্জা আব্বাস-এর বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্যের জন্য তিনি সমালোচনার মুখে পড়েন।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version