বলিউড তারকা রণবীর সিং অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ মুক্তির আগেই ব্যাপক আলোচনায় এসেছে। আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। তবে মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে ব্যাপক সাড়া মিলছে, যা বক্স অফিসে বড় সাফল্যের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, অগ্রিম বুকিং থেকেই ভারতে সিনেমাটি প্রায় ১৪ কোটি ৬৯ লাখ রুপি আয় করেছে। ব্লক আসনের হিসাব যুক্ত করলে এই অঙ্ক দাঁড়ায় প্রায় ২০ কোটি ৩২ লাখ রুপি। ইতোমধ্যে সিনেমাটির ২ লাখ ৫৯ হাজার ১১১টি টিকিট বিক্রি হয়েছে বলে জানা গেছে।
সিনেমাটি একাধিক ভাষায় মুক্তি পেলেও সবচেয়ে বেশি সাড়া মিলছে হিন্দি সংস্করণে। এই সংস্করণ থেকেই প্রায় ১৪ কোটি ৩৭ লাখ রুপি আয় হয়েছে। ভারতজুড়ে সিনেমাটির জন্য প্রায় ৭ হাজার ৮৯০টি শো নির্ধারণ করা হয়েছে, যা দর্শকদের আগ্রহেরই প্রমাণ।
মার্কিন বিনোদন সাময়িকী ভ্যারাইটি জানিয়েছে, সিনেমাটির টিকিটের দামে অঞ্চলভেদে বড় পার্থক্য রয়েছে। মুম্বাইয়ের একটি প্রেক্ষাগৃহে রিক্লাইনার প্রাইম সিটের দাম রাখা হয়েছে প্রায় ২ হাজার ৯০০ রুপি। অন্যদিকে দক্ষিণ ভারতে সাধারণ দর্শকদের জন্য তুলনামূলক কম দামে টিকিট বিক্রি হচ্ছে। যেমন চেন্নাইয়ের একটি হলে মাত্র ৫৯ রুপিতে সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা।
হিন্দির পাশাপাশি তামিল ও তেলুগু সংস্করণেও ভালো সাড়া মিলছে। ইতোমধ্যে তেলুগু সংস্করণের জন্য ৫ হাজার ৫০০টির বেশি এবং তামিল সংস্করণের জন্য ১০ হাজারের বেশি টিকিট বুক হয়েছে। কন্নড় ও মালয়ালম সংস্করণেও ধীরে ধীরে বাড়ছে অগ্রিম বুকিং।
সব মিলিয়ে মুক্তির আগেই ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। বিশ্লেষকদের ধারণা, মুক্তির প্রথম দিনেই সিনেমাটি বক্স অফিসের একাধিক পুরোনো রেকর্ড ভেঙে দিতে পারে।
ম্যাংগোটিভি /আরএইচ

