বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ২০২৬ ফুটবল বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনেছে ৪৭ কোটি ২৫ লাখ টাকায়। তবে এই অর্থ রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমটিকে নিজস্ব তহবিল থেকে পরিশোধ করতে হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।
ইয়াসের খান চৌধুরী বলেন, দীর্ঘ আলোচনা ও দরকষাকষির পর ফিফা সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে স্বচ্ছ প্রক্রিয়ায় সম্প্রচার স্বত্ব কেনার চুক্তি সম্পন্ন হয়েছে। চূড়ান্ত চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৩ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রায় ৪৭ কোটি ২৫ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা। ভ্যাট ও আয়করসহ মোট ব্যয় দাঁড়াবে ৬৩ কোটি ৭৯ লাখ ৯৩ হাজার ১২৫ টাকা।
তিনি জানান, বিটিভিকে এ অর্থ পরিশোধ করতে হবে না। কারণ সম্প্রচার স্বত্বের একটি অংশ বিভিন্ন টেলিভিশন চ্যানেল, টেলিকম অপারেটর এবং ওটিটি প্ল্যাটফর্মের কাছে বিক্রি করে অধিকাংশ অর্থ সংগ্রহ করা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, ‘নামমাত্র খরচে বিটিভি বিশ্বকাপ সম্প্রচার করতে পারবে। জনগণের জন্য এটি একটি সুখবর।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিটিভির কাছ থেকে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব কিনেছে টেলিভিশন চ্যানেল টি-স্পোর্টস ও সময় টিভি। এছাড়া টেলিকম অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক ও রবি এবং ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনও সম্প্রচার স্বত্ব নিয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী দাবি করেন, ২০২২ সালের বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কেনার ক্ষেত্রে প্রায় ১০০ কোটি টাকার ব্যয় হয়েছিল। এবারের চুক্তি তুলনামূলকভাবে অনেক কম খরচে সম্পন্ন হয়েছে।
অন্যদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নিলেও দেশের মানুষের মধ্যে ফুটবল নিয়ে ব্যাপক উন্মাদনা রয়েছে। তাই বিশ্বকাপ সম্প্রচার নিশ্চিত হওয়ায় দেশের কোটি কোটি ফুটবলপ্রেমীর প্রত্যাশা পূরণ হয়েছে।
ম্যাংগোটিভি /আরএইচ

