শিক্ষার্থীদের জন্য ব্যাংকিং সেবার আওতা আরও সম্প্রসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালা অনুযায়ী, এখন থেকে অনূর্ধ্ব ২৫ বছর বয়সী শিক্ষার্থীরা ‘স্টুডেন্ট ব্যাংকিং’ অ্যাকাউন্ট খুলতে পারবেন। এ অ্যাকাউন্টের মাধ্যমে ক্রেডিট কার্ড ব্যবহারের সুযোগও থাকবে।
এর আগে অনূর্ধ্ব ১৮ বছর বয়সী শিক্ষার্থীরা ‘স্কুল ব্যাংকিং’ সুবিধা পেতেন এবং কেবল ডেবিট কার্ডের মাধ্যমে লেনদেন করতে পারতেন। নতুন নীতিমালায় বয়সসীমা বাড়ানো এবং ক্রেডিট কার্ড সুবিধা যুক্ত করা হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট এ–সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী পরিচালকদের কাছে পাঠিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, এতদিন ‘স্কুল ব্যাংকিং’ নামে পরিচিত সেবাটি এখন থেকে ‘স্টুডেন্ট ব্যাংকিং’ নামে পরিচালিত হবে।
নতুন নীতিমালা অনুযায়ী, স্টুডেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে এটিএম বুথের মাধ্যমে মাসে সর্বোচ্চ ১৫ হাজার টাকা উত্তোলন করা যাবে। তবে অভিভাবকের আবেদনের ভিত্তিতে এই সীমা বাড়িয়ে সর্বোচ্চ ২৫ হাজার টাকা করা যাবে। আগে এ সীমা ছিল পাঁচ হাজার টাকা।
ম্যাংগোটিভি /আরএইচ

