দেশে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, টিকা প্রয়োগের পর শিশুদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠতে কিছুটা সময় প্রয়োজন।

বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, গত ৫ এপ্রিল থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে এবং তা এখনও চলমান রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা কম। ‘হাম যে পর্যায়ে আছে, তা কমতে কিছুটা সময় লাগবে,’-উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, দেশের একটি অংশের শিশু টিকার আওতার বাইরে ছিল, যা অতীতের একটি ব্যর্থতার ফল। তবে এমন প্রতিরোধযোগ্য রোগে শিশুদের মৃত্যু কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।

চিকিৎসা ব্যবস্থার বিষয়ে তিনি জানান, আক্রান্তদের সর্বোচ্চ চিকিৎসা দিতে হাসপাতালগুলোতে সর্বাত্মক চেষ্টা চলছে। তবে একই ধরনের সেবা-বিশেষ করে আইসিইউ—একসঙ্গে অনেক রোগীর প্রয়োজন হলে সীমাবদ্ধতা তৈরি হয়।

স্বাস্থ্যখাতে সম্ভাব্য ব্যর্থতার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিটি নেতিবাচক ঘটনা গুরুত্বসহকারে পর্যালোচনা করা হচ্ছে। দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতি আর না ঘটে।

তিনি আরও বলেন, প্রতিরোধমূলক চিকিৎসার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে এবং টিকাদান কার্যক্রম যেকোনো মূল্যে নিশ্চিত করা হবে। হামের মতো প্রতিরোধযোগ্য রোগে মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং এ ক্ষেত্রে দায় এড়ানোর সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version