ভারতে পলাতক ওসমান হাদি হত্যা মামলার আসামিদের বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ওসমান হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে। বন্দি বিনিময় চুক্তির আওতায় তাদের হস্তান্তরের কার্যক্রম চলছে।

এ সময় তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে রাজারবাগ পুলিশ লাইন্সে প্রথম গণহত্যা শুরু হয়। এই ঘটনার প্রেক্ষাপটেই স্বাধীনতার ঘোষণা আসে। তিনি বলেন, তৎকালীন মেজর জিয়াউর রহমান চট্টগ্রামে বিদ্রোহের পর ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন।

শহীদদের আত্মত্যাগ স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজারবাগের পুলিশ সদস্যদের রক্তদানের মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের সূচনা হয়। তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version