আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে ঢাকা মহানগরের বিভিন্ন সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর গুলিস্তানে অবস্থিত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সেনা ক্যাম্পে তিনি অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন। সভায় সেনাপ্রধান নির্বাচনে সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে শতভাগ পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের বিশেষ নির্দেশনা দেন।

পরিদর্শনকালে সেনাপ্রধান ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি দায়িত্ব পালনরত সদস্যদের সাধারণ নাগরিকদের সঙ্গে বন্ধুসুলভ ও মার্জিত আচরণের মাধ্যমে নির্বাচনী দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় আসন্ন নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা এবং বিভিন্ন সংস্থার মধ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সাভার এরিয়ার জিওসি ও এরিয়া কমান্ডার, ৯ পদাতিক ডিভিশনের জিওসি এবং সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ঢাকার বিভাগীয় কমিশনার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নির্বাচনের প্রস্তুতি ও সমন্বয় জোরদারের জন্য গত ২২ জানুয়ারি থেকে সেনাপ্রধান দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় করে আসছেন।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version