সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানতের পরিমাণ এক বছরে ৪১.৪৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি)।

বৃহস্পতিবার (১৮ জুন) প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৮৩ কোটি ৪১ লাখ সুইস ফ্রাঁ। আগের বছর ২০২৪ সালে এ পরিমাণ ছিল প্রায় ৫৯ কোটি সুইস ফ্রাঁ।

বর্তমান বিনিময় হার অনুযায়ী (১ সুইস ফ্রাঁ ≈ ১৫২ টাকা) এই অর্থের পরিমাণ প্রায় ১২ হাজার ৬৭৮ কোটি টাকা।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২১ সালের পর গত বছরই (২০২৫) বাংলাদেশিদের সুইস ব্যাংকে সর্বোচ্চ অর্থ জমা হয়েছে।

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে জমা হয়ে থাকে। এর মধ্যে দেশি ব্যাংক, বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিক এবং বিভিন্ন ব্যবসায়িক লেনদেনের অর্থও অন্তর্ভুক্ত থাকতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এসএনবির তথ্য অনুযায়ী, ২০২২ ও ২০২৩ সালে বাংলাদেশিদের আমানত উল্লেখযোগ্যভাবে কমে গেলেও ২০২৪ ও ২০২৫ সালে আবার তা বৃদ্ধি পেয়েছে।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও তথ্য বিনিময় ব্যবস্থার কারণে সুইস ব্যাংকে এখন আগের তুলনায় তুলনামূলক বেশি তথ্য প্রকাশিত হচ্ছে। তবে এসব অর্থের সবটাই অবৈধ বা পাচারকৃত নয় বলেও প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে।

Share.
Exit mobile version