জাতীয় সংসদসহ দেশের গুরুত্বপূর্ণ সরকারি ও রাষ্ট্রীয় স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে বাংলাদেশ পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সতর্কতা জারি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত একটি জঙ্গি সংগঠনের সদস্যরা সমন্বিত হামলার পরিকল্পনা করছে-এমন তথ্য পাওয়ার পরিপ্রেক্ষিতে এই জরুরি সতর্কতা জারি করা হয়। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ডিআইজি (গোপন) কামরুল আহসানের সই করা একটি দাপ্তরিক চিঠির মাধ্যমে দেশের বিভিন্ন ইউনিটকে এ বিষয়ে অবহিত করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, সংগঠনটির সদস্যরা নিজেদের মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছে এবং রাষ্ট্রের সংবেদনশীল স্থাপনাগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারণ করেছে। জাতীয় সংসদ ভবন ছাড়াও পুলিশ ও সামরিক স্থাপনা, বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাসনালয় এবং জনাকীর্ণ বিনোদন কেন্দ্রগুলোকেও ঝুঁকিপূর্ণ তালিকায় রাখা হয়েছে।

গোয়েন্দা তথ্যে আরও জানা যায়, হামলা চালাতে তারা একাধিক কৌশল ও পদ্ধতি ব্যবহার করার পরিকল্পনা করছে। এ পরিস্থিতিতে সম্ভাব্য যেকোনো নাশকতা প্রতিরোধে সংশ্লিষ্ট সকল ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তর থেকে সিআইডি, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটসহ দেশের সব জেলা পুলিশ সুপারদের কাছে সতর্কতা বার্তার অনুলিপি পাঠানো হয়েছে। নির্দেশনায় ঝুঁকিপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার, নজরদারি বৃদ্ধি এবং গোয়েন্দা তৎপরতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।

এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না পাওয়া গেলেও সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানিয়েছেন, এ ধরনের সতর্কতা নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার অংশ। তবে এটি সম্ভাব্য সন্ত্রাসী হামলার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানকেই প্রতিফলিত করে।

নিরাপত্তাজনিত কারণে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version