জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাক্স সুপারস্টার ২০২৫’-এর বিজয়ী হয়েছেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জমকালো গ্র্যান্ড ফিনালে তার নাম ঘোষণা করা হয়।

তারকাখচিত এ আয়োজনে বিজয়ীর ট্রফি বর্ণিতার হাতে তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল কুদ্দুস খান এবং ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭’ খ্যাত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

বিজয়ী হিসেবে বর্ণিতাকে সোয়ারোভস্কি ক্রিস্টাল দিয়ে তৈরি বিশেষ ট্রফি ও একটি বিলাসবহুল গাড়ি প্রদান করা হয়।

এবারের আসরে প্রথম রানার আপ হয়েছেন চট্টগ্রামের আমিনা ইসলাম এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল। চূড়ান্ত পর্বে আরও অংশ নেন খুলনার নুসরাত আফরীন ইয়ুমনা ও ঢাকার তিস্তা পাল।

সাত বছর পর আয়োজিত এই প্রতিযোগিতায় শুরু থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। লক্ষাধিক আবেদনকারীর মধ্য থেকে দীর্ঘ বাছাই প্রক্রিয়া শেষে সেরা প্রতিযোগীরা গ্র্যান্ড ফিনালের মঞ্চে জায়গা করে নেন।

আয়োজকদের মতে, এবারের আসরে সৌন্দর্যের পাশাপাশি প্রতিযোগীদের অভিনয় দক্ষতা, ব্যক্তিত্ব, স্টাইল সেন্স এবং কনটেন্ট তৈরির সক্ষমতাকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

গ্র্যান্ড ফিনালেতে শোবিজ অঙ্গনের বিভিন্ন তারকার উপস্থিতিতে আয়োজনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version