র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর নাম পরিবর্তন করেছে সরকার। বাহিনীটির নতুন নাম রাখা হয়েছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, র্যাবের কাঠামো, দায়িত্ব ও কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনার পর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে প্রধান উপদেষ্টার অনুমোদন পাওয়া গেছে এবং শিগগিরই আনুষ্ঠানিক আদেশ জারি করা হবে।
তিনি আরও জানান, নতুন নাম অনুযায়ী বাহিনীর সদস্যদের পোশাক প্রস্তুতের কাজও চলমান রয়েছে। নাম পরিবর্তনের পাশাপাশি বাহিনীর কাঠামোগত ও কার্যগত দিকেও প্রয়োজনীয় সমন্বয় আনা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা স্মরণ করিয়ে দেন, র্যাব গঠনের একেবারে প্রাথমিক পর্যায়ে বাহিনীটির নাম ছিল র্যাপিড অ্যাকশন টিম (র্যাট)। পরবর্তীতে এটি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নামে পরিচিতি পায়। ২০০৪ সালে গঠিত এই বাহিনী দীর্ঘদিন ধরে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
২২ বছর পর এবার নাম পরিবর্তনের মাধ্যমে নতুন পরিচয়ে বাহিনীটির কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হলো বলে জানান তিনি।
ম্যাংগোটিভি /আরএইচ

