যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিখোঁজ হওয়ার আট দিন পর এক বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। এ ঘটনায় নিহতের রুমমেটকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থীর সন্ধানে জোর তল্লাশি চলছে।

নিহত শিক্ষার্থীর নাম জামিল আহমেদ লিমন (২৭)। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-তে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। বিশ্ববিদ্যালয় পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকালে হাওয়ার্ড ফ্র্যাংকল্যান্ড ব্রিজ-এর নিচ থেকে তার দেহাবশেষ উদ্ধার করা হয়।

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে হিশাম আবুঘরবেহ (২৬), যিনি জামিলের রুমমেট ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

অন্যদিকে, নিখোঁজ অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। তিনি একই বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচডি করছিলেন। তার অবস্থান জানতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, জামিল ও নাহিদাকে সর্বশেষ ১৬ এপ্রিল দেখা গিয়েছিল। ওইদিন সকালে জামিলকে তার ছাত্রাবাসের কাছে এবং নাহিদাকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে দেখা যায়। এরপর থেকে তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।

পরদিন ১৭ এপ্রিল তাদের এক পারিবারিক বন্ধু বিষয়টি কর্তৃপক্ষকে জানালে পুলিশ দুটি নিখোঁজ ডায়েরি নথিভুক্ত করে এবং তদন্ত শুরু করে।

এদিকে, বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসি-এর প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা জামিলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এক শোকবার্তায় তিনি জানান, সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জামিলের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ নাহিদার সন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version