মিডল্যান্ড ব্যাংক পিএলসি–এর পরবর্তী প্রবৃদ্ধি পর্বে নেতৃত্ব দিতে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন জনাব ইমতিয়াজ ইউ. আহমেদ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানায়, আর্থিক সেবা খাতে সুদীর্ঘ অভিজ্ঞতা ও নেতৃত্বগুণসম্পন্ন একজন দক্ষ পেশাজীবী হিসেবে ইমতিয়াজ ইউ. আহমেদ এমন এক গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্ব গ্রহণ করেছেন, যখন মিডল্যান্ড ব্যাংক বাজার সম্প্রসারণ ও ডিজিটাল রূপান্তর কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করছে।
শাখা পর্যায় থেকে শুরু করে কর্পোরেট ও প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বমূলক দায়িত্ব পালনের মাধ্যমে তিনি সমৃদ্ধ অভিজ্ঞতা অর্জন করেছেন। তার দক্ষতার ক্ষেত্রের মধ্যে রয়েছে কর্পোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং, রপ্তানি অর্থায়ন, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও কমপ্লায়েন্স, মানবসম্পদ ব্যবস্থাপনা, স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট এবং ট্রেজারি ব্যবস্থাপনা।
পারফরম্যান্স ম্যানেজমেন্ট ও রূপান্তরমূলক এজেন্ডার প্রতি গভীর মনোযোগের মাধ্যমে তিনি ধারাবাহিকভাবে ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হয়েছেন। বিশেষ করে রপ্তানি অর্থায়ন কার্যক্রমে সাফল্যের পাশাপাশি পোর্টফোলিওর গুণগত মান উল্লেখযোগ্যভাবে উন্নত করেছেন।
ব্যাংকিং খাতে তার কর্মজীবনের অভিজ্ঞতা ২৫ বছরেরও বেশি। এর মধ্যে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং ইস্টার্ন ব্যাংক পিএলসি–তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন উল্লেখযোগ্য। ব্যাংকিং পেশায় প্রবেশের আগে তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ–এ ক্যাপিটাল মার্কেটস বিভাগে এবং কেপিএমজি রহমান রহমান হক–এ অডিটর হিসেবে কাজ করেন।
ফাইন্যান্স ও অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী ইমতিয়াজ ইউ. আহমেদ দেশে ও বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেছেন। তার কৌশলগত দৃষ্টিভঙ্গি ও কারিগরি দক্ষতার সমন্বয়ে মিডল্যান্ড ব্যাংক দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
ম্যাংগোটিভি /আরএইচ

