ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও দুর্যোগ মোকাবিলায় ঢাকা ও আশপাশের এলাকার জন্য এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বিশেষ সেল এবং জাতীয় পর্যায়ে একটি টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভূমিকম্প প্রস্তুতি বিষয়ক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয়, ভূমিকম্প-পরবর্তী উদ্ধার ও জরুরি সেবা কার্যক্রমে অংশ নিতে এক লাখ স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দিয়ে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হবে। ইতোমধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবকের ডাটাবেজ প্রস্তুত হয়েছে। দ্রুত আরও ৩০ হাজার স্বেচ্ছাসেবককে এ তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
বৈঠকে ভূমিকম্প মোকাবিলায় জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের ওপরও গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প প্রস্তুতি বিষয়ক একটি বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া সম্ভাব্য দুর্যোগের সময় সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার উপায় এবং ঢাকায় মানবিক সহায়তা সমন্বয় কেন্দ্র (এইচএসএ) প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা হয়।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম. এ. মুহিত, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. সাইদুর রহমান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন সভার সিদ্ধান্তগুলোর তথ্য জানান।
ম্যাংগোটিভি /আরএইচ

