দেশের বিভিন্ন ইসলামি ধারার ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছেন। দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর প্রধান কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আন্দোলনকারীদের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে পরিকল্পিতভাবে প্রায় ১০ হাজার কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। এতে হাজারো পরিবার অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

মানববন্ধনে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক-এর চাকরিচ্যুত কর্মকর্তারাও অংশ নেন।

আয়োজকদের অভিযোগ, প্রভাবশালী একটি গোষ্ঠীর কারণে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে শাস্তিমূলক বদলি, আইডি নিষ্ক্রিয় করা, প্রশাসনিক হয়রানি এবং তথাকথিত ‘দক্ষতা মূল্যায়ন’ পরীক্ষার মাধ্যমে ছাঁটাই করা হয়েছে।

মানববন্ধন থেকে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো-অন্যায়ভাবে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে পুনর্বহাল, বিতর্কিত বোর্ড বাতিল করে পেশাদার ব্যবস্থাপনা গঠন, ব্যাংক খাতে রাজনৈতিক প্রভাব বন্ধ এবং কর্মক্ষেত্রে ন্যায়সঙ্গত পরিবেশ নিশ্চিত করা।

অন্যদিকে ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তার দাবি, বাংলাদেশ ব্যাংকের বিধি না মেনে এবং কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই এসব কর্মকর্তা-কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়েছিল। পরে অবৈধ নিয়োগের অভিযোগে তাদের চাকরিচ্যুত করা হয়।

তবে দীর্ঘদিন কর্মরত থাকায় একটি পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করা হয়। যারা এতে উত্তীর্ণ হয়েছেন তারা বহাল রয়েছেন, আর যারা অংশ নেননি তারা চাকরি হারিয়েছেন। বর্তমানে তারাই আন্দোলনে অংশ নিচ্ছেন।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version