বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন) নির্বাহী পরিচালক এম. হাছান মাহমুদের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৩টা ১৫ মিনিটে কমিশনের মাল্টিপারপাস হলে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার (৮ এপ্রিল) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিশনার মুঃ মোহসিন চৌধুরী। এছাড়া কমিশনার মোঃ আলী আকবর, নির্বাহী পরিচালক মোঃ আনোয়ারুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিদায়ী কর্মকর্তা এম. হাছান মাহমুদও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, একইদিন অনুষ্ঠিত কমিশনের ১০০৭তম সভায় তাঁর অবসর জীবন সুখী, সুস্বাস্থ্যকর ও শান্তিময় কামনা করে সর্বসম্মতিক্রমে একটি ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়। পাশাপাশি চেয়ারম্যানের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় বক্তারা বলেন, দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে কমিশনে কর্মরত থেকে এম. হাছান মাহমুদ সততা, দক্ষতা ও কর্মনিষ্ঠার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। পুঁজিবাজারের শৃঙ্খলা রক্ষা, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং সিকিউরিটিজ আইন বাস্তবায়নে তাঁর অবদান বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

উল্লেখ্য, এম. হাছান মাহমুদ ২০০১ সালের ১৭ সেপ্টেম্বর উপ-পরিচালক হিসেবে বিএসইসিতে যোগ দেন। পরবর্তীতে ২০০৬ সালে পরিচালক এবং ২০১১ সালে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পান। চাকরিকালে তিনি কর্পোরেট ফিন্যান্স, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, এনফোর্সমেন্ট, ইন্টারনাল অডিট ও কমপ্লায়েন্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন।

বিএসইসি পরিবার তাঁর অবসর জীবন আনন্দময় ও সুস্থতায় ভরপুর হোক-এমন প্রত্যাশা ব্যক্ত করেছে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version