বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ প্রণোদনা এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। বুধবার (২৯ এপ্রিল) বিবৃতিতে এ দাবি জানান দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেছেন, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম, কুমিল্লা, নেত্রকোনা, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে কৃষকের ফসলি জমি, গবাদি পশু, হাঁস-মুরগি এবং সাধারণ মানুষের ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিম্ন আয়ের মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন।
হাওরের ফসল রক্ষায় সরকারের অবহেলা করেছে অভিযোগ করে বিবৃতিতে বলা হয়েছে, সরকার যদি বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলোর যথাযথ সংরক্ষণ ও সংস্কার করত, তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে কমানো সম্ভব হতো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও কার্যকর প্রস্তুতির অভাবে আজ সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
বিবৃতিতে বলা হয়েছে, দুর্গত এলাকার রাস্তাঘাট ও চলমান এসএসসি পরীক্ষার কেন্দ্রগুলোতে জলাবদ্ধতায় পরীক্ষার্থীরা চরম বিপাকে পড়েছে। তাদের নিরাপদ যাতায়াত ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
অবিলম্বে ক্ষতিগ্রস্ত এলাকায় পর্যাপ্ত ত্রাণসামগ্রী, বিশুদ্ধ পানি, শুকনো খাবার, চিকিৎসাসেবা ও আশ্রয়ের ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জানিয়েছেন জামায়াত সেক্রেটারি জেনারেল।
ম্যাংগোটিভি /আরএইচ

