ফুটপাত যেন অনিয়ন্ত্রিতভাবে দখল হয়ে সড়ক চলাচলের অনুপযোগী না হয়ে পড়ে, সেজন্য তালিকা করে ফুটপাতের ব্যবসায়ীদের সরকার লাইসেন্স দেবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এর সামনে ফুটপাত দখলমুক্ত করে নান্দনিক পরিবেশ সৃষ্টি শীর্ষক পাইলট প্রকল্পের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, ‘ঢাকা মহানগরীর নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে জনগণ ও সিটি করপোরেশনকে সমানভাবে দায়িত্ব পালন করতে হবে। যেকোনো ব্যবসা করতে হলে সিটি করপোরেশনের অনুমতি নিতে হবে, ফুটপাতে ব্যবসা হলেও তা আইনি প্রক্রিয়ার মধ্যেই করতে হবে।’

তিনি আরও জানান, ফুটপাতে অল্প জায়গায় অধিক দোকান বসানো ঠেকাতে নির্দিষ্ট গাইডলাইন প্রণয়ন করা হবে। আগামী এক সপ্তাহের মধ্যে পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে জরিপ করে শৃঙ্খলা ফিরিয়ে আনার কাজ শুরু হবে।

ঢাকা শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে নাগরিকদেরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘রাজপথে কেউ কিছু ফেলবে না—এই শপথ নিতে হবে। চিকুনগুনিয়া ও ডেঙ্গুর আগেই সবাইকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে হবে।’

এ সময় তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের চলমান উদ্যোগগুলো সফল করতে নাগরিক সহযোগিতা কামনা করেন।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version