রাজধানীর আদাবরে এক তরুণীকে বিয়ের প্রলোভনে চার দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগে ফটোগ্রাফার নামীন আশরাফ মনিসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এ ভুক্তভোগীর বড় বোন রাজিয়া সুলতানা মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মো. মনিরুজ্জামান বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্তের জন্য গোয়েন্দা (ডিবি) পুলিশকে নির্দেশ দেন। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
মামলার আসামিরা হলেন ফটোগ্রাফার নামীন আশরাফ মনি, তার বাবা আশরাফউদ্দিন এবং মা শাহনাজ বেগম।
মামলার অভিযোগে বলা হয়েছে, নিহত সাদিয়া ইয়াসফিয়া (২৪) পেশায় একজন মেকআপ আর্টিস্ট ছিলেন। ২০২৪ সালে একটি অনুষ্ঠানের শুটিংয়ে নামীন আশরাফের সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে একসঙ্গে বিভিন্ন কাজে অংশ নিতে গিয়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং বিয়ের বিষয়েও উভয় পরিবারের মধ্যে আলোচনা হয়।
অভিযোগ অনুযায়ী, গত ৬ জুন সাদিয়ার পরিবারের সদস্যরা বিয়ের প্রস্তাব নিয়ে নামীনের গেন্ডারিয়ার বাসায় গেলে তার পরিবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং বিয়ের চেষ্টা করলে পরিণতি ভালো হবে না বলে হুমকি দেয়।
মামলায় আরও বলা হয়, গত ১০ জুন রাতে নামীন আশরাফ সাদিয়াকে আদাবরের শেখেরটেক এলাকার নিজের স্টুডিও-সংলগ্ন ফ্ল্যাটে নিয়ে যান। সেখানে তাকে পরিবারের কাছে বান্ধবীর বাসায় অবস্থানের কথা বলতে বাধ্য করা হয়।
বাদীপক্ষের অভিযোগ, ১০ জুন থেকে ১৪ জুন পর্যন্ত সাদিয়াকে ওই ফ্ল্যাটে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়। পরে ১৪ জুন তাকে হত্যা করে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে প্রচারের চেষ্টা করা হয়।
মামলার আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, পুলিশের সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে আদালত মামলাটি আমলে নিয়ে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
ম্যাংগোটিভি /আরএইচ

