অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্য পূরণে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৯ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিভিল ডিসকোর্স ন্যাশনালস আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশকে এগিয়ে নিতে কী ধরনের পরিবর্তন প্রয়োজন, তা নিয়ে প্রধানমন্ত্রী সবসময় ভাবেন। নিজের কাজের মাধ্যমে তিনি ইতোমধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তিনি বলেন, দেশের সামনে বড় বড় চ্যালেঞ্জ রয়েছে। রাতারাতি সব সমস্যার সমাধান সম্ভব নয়। তবে তরুণদের মেধা, সামর্থ্য ও দেশপ্রেমের মাধ্যমে অসম্ভবকে সম্ভব করার সক্ষমতা রয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে নেওয়া সংস্কার ও পরিবর্তনের উদ্যোগ বাস্তবায়িত হলে দেশ আরও এগিয়ে যাবে।
বিএনপি মহাসচিব বলেন, ছাত্র-তরুণদের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে। এ সুযোগ কাজে লাগাতে শক্তিশালী নেতৃত্ব ও সুপরিকল্পিত উদ্যোগ প্রয়োজন।
তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী নির্বাসিত জীবন থেকে ফিরে এসে দেশ পুনর্গঠনের পরিকল্পনার কথা বলেছেন এবং সেই পরিকল্পনা বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু করেছেন।
তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, দেশের ভবিষ্যৎ তাদের হাতেই। জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক সংকটসহ নানা চ্যালেঞ্জ থাকলেও তরুণদের শক্তি ও উদ্যম দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার আশা জাগায়।
অনুষ্ঠানে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আশরাফুল হক, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক গোলাম রহমান, অর্থনীতিবিদ জ্যোতি রহমান, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া এবং বাংলাদেশ ডায়ালগের চেয়ারম্যান রুবাইয়াত মান্নানসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
ম্যাংগোটিভি /আরএইচ


