২০২৬ সালের প্রথম ছয় মাসে কারেন্ট অ্যাকাউন্ট ও সেভিংস অ্যাকাউন্ট (সিএএসএ) ডিপোজিটে ৫ হাজার কোটি টাকার প্রবৃদ্ধি অর্জন করেছে ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। ব্যাংকটির প্রতি গ্রাহকদের ক্রমবর্ধমান আস্থা এবং শাখাভিত্তিক সেবার সক্ষমতার প্রতিফলন হিসেবে এ অর্জনকে দেখছে কর্তৃপক্ষ।
সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিকভাবে আমানত প্রবৃদ্ধি ধরে রাখা ব্র্যাক ব্যাংক সম্পর্কভিত্তিক ব্যাংকিং ও গ্রাহককেন্দ্রিক সেবার মাধ্যমে এ মাইলফলক অর্জন করেছে। ব্যাংকের এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক।
এ অর্জন উদ্যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি অ্যান্ড সিইও) তারেক রেফাত উল্লাহ খান, উপব্যবস্থাপনা পরিচালক ও ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের প্রধান শেখ মোহাম্মদ আশফাক, সিনিয়র জোনাল হেড তাহের হাসান আল মামুন, বিভিন্ন অঞ্চলের রিজিওনাল হেড, ব্রাঞ্চ ম্যানেজার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘আমাদের এই অর্জনের পেছনে রয়েছে ব্র্যাক ব্যাংকের প্রতি গ্রাহকদের অবিচল আস্থা এবং ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের নিবেদিত প্রচেষ্টা।’
তিনি আরও বলেন, ‘বছরের পর বছর ধরে গ্রাহকদের সঙ্গে গড়ে ওঠা আস্থার সম্পর্কই এ সাফল্যের ভিত্তি। উন্নত ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করে এই সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
ম্যাংগোটিভি /আরএইচ

