পেপ্যাল, পেওনিয়ার ও স্ট্রাইপের মতো আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মকে দেশের ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত করার পথ খুলতে নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে ফ্রিল্যান্সিং, ই-কমার্স ও বৈদেশিক সেবার লেনদেন আরও সহজ ও আধুনিক হবে বলে আশা করা হচ্ছে।
বুধবার (২৯ জুলাই) এ-সংক্রান্ত নির্দেশনা দেশের সব অনুমোদিত বৈদেশিক মুদ্রা লেনদেনকারী (এডি) ব্যাংকের কাছে পাঠানো হয়েছে।
নতুন নীতিমালায় বলা হয়েছে, অনুমোদিত ব্যাংকগুলো বিদেশি পেমেন্ট প্ল্যাটফর্ম ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে গ্রাহকদের বহির্মুখী বৈদেশিক অর্থ পরিশোধের সুবিধা দিতে পারবে। এসব প্রতিষ্ঠানকে ক্রস-বর্ডার ডিজিটাল পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (সিডিপিএসপি) হিসেবে বিবেচনা করা হবে।
নীতিমালার আওতায় ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট (ডিভিএ) চালুর সুযোগ রাখা হয়েছে। এটি ডিজিটাল ওয়ালেট বা সংরক্ষিত মূল্যের অ্যাকাউন্ট হিসেবে ব্যবহৃত হবে এবং সংশ্লিষ্ট ব্যাংকের তত্ত্বাবধানে পরিচালিত হবে।
ডিভিএ ব্যবহার করে ব্যক্তিগত, চিকিৎসা ও সরকারি সফরসংক্রান্ত ব্যয়, সদস্যপদ ফি, তথ্যপ্রযুক্তি সেবা, ভিসা ফি, হোটেল বুকিং এবং সীমিত পরিসরে আন্তর্জাতিক ই-কমার্স লেনদেন করা যাবে। এছাড়া রিটেনশন কোটার বৈদেশিক মুদ্রা ও রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাবের অর্থও এ সুবিধার আওতায় থাকবে।
তবে এ ধরনের সেবা চালুর আগে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিতে হবে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতে, নতুন এই নীতিমালার মাধ্যমে আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট সেবাকে দেশের আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করা সম্ভব হবে। এর ফলে ফ্রিল্যান্সার, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা, ই-কমার্স ব্যবসায়ী ও সেবা রপ্তানিকারকদের জন্য বৈদেশিক লেনদেন আরও সহজ ও সম্প্রসারিত হবে।
ম্যাংগোটিভি / আরএইচ

