বগুড়ার শাজাহানপুর উপজেলার একটি রিসোর্টে পুলিশের পরিচয়ে প্রবেশ করে কর্মচারীদের জিম্মি রেখে ডাকাতির অভিযোগ উঠেছে। মুখোশধারী দুর্বৃত্তরা গভীর রাতে রিসোর্টে ঢুকে নগদ টাকা, মোবাইল ফোন, বৈদ্যুতিক সরঞ্জামসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে।

বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার গোহাইল ইউনিয়নের জামাদারপুকুর এলাকায় অবস্থিত গ্রিন গার্ডেন রিসোর্টে এ ঘটনা ঘটে।

শাজাহানপুর থানায় দায়ের করা অভিযোগে রিসোর্ট পরিচালনাকারী প্রতিষ্ঠান গ্রিন হাউজিং অ্যান্ড এনার্জি লিমিটেডের ম্যানেজার মানস মিস্ত্রী জানান, রাত ১২টার দিকে পাঁচ থেকে সাতজন মুখোশধারী ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে রিসোর্টের প্রধান ফটকে এসে ভেতরে আসামি রয়েছে বলে গেট খুলতে বলেন। তাদের হাতে ওয়াকিটকিও ছিল।

গেট খোলার পর রাতের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মী ফেরদৌস মিয়াকে মারধর করা হয়। পরে তাকে অপর প্রহরী বিমল বড়ুয়ার কাছে নিয়ে যাওয়া হয়। এরপর ফেরদৌস মিয়া, তার স্ত্রী সুমাইয়া আক্তার মৌ, তাদের সন্তান এবং প্রহরী বিমল বড়ুয়াকে একটি কক্ষে আটকে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় দুর্বৃত্তরা।

অভিযোগে বলা হয়, এরপর তারা রিসোর্ট থেকে ২০টি বৈদ্যুতিক ফ্যান, একটি গ্যাসের চুলা, একটি ১২ ভোল্টের বড় ব্যাটারি, দুই প্রহরীর দুটি মোবাইল ফোন, নগদ ২৫ হাজার টাকা এবং বিদ্যুতের খুঁটি থেকে তিনটি ট্রান্সফরমার ও কেবল খুলে নিয়ে যায়। পরে রিসোর্টের বাইরে রাখা একটি পিকআপ ভ্যানে করে লুট করা মালামাল নিয়ে পালিয়ে যায় তারা। প্রায় দুই ঘণ্টা ধরে এ লুটপাট চলে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার রাতেই থানায় অভিযোগ করা হয়। পরে শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) হযরত আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, গ্রিন গার্ডেন রিসোর্টে মালামাল চুরির একটি অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

তবে অভিযোগে পুলিশের পরিচয়ে প্রবেশের কথা উল্লেখ থাকলেও এ বিষয়ে তদন্ত শেষে প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version