টি–টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়ানোয় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বক্তব্য উদ্ধৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল লেখেন, ‘ধন্যবাদ পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, বাংলাদেশকে টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তার দেশ ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।’
পোস্টে তিনি আরও লেখেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে বলেছেন, ‘আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত।’
উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হচ্ছে ২০২৬ আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বাংলাদেশ সরকার দলকে ভারতে পাঠাতে অস্বীকৃতি জানালে আইসিসি বোর্ড ভোটের মাধ্যমে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। এ সিদ্ধান্তের বিপক্ষে ভোট দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এর আগে ভারতের সাম্প্রদায়িক উগ্রবাদীদের হুমকির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর বিশ্বকাপের জন্য ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। গত ৪ জানুয়ারি বাংলাদেশ আইসিসিকে ম্যাচগুলোর ভেন্যু শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানালেও আইসিসি তা প্রত্যাখ্যান করে। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনার মধ্যে পাকিস্তানের এই অবস্থানকে ক্রীড়া সংশ্লিষ্ট মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ম্যাংগোটিভি /আরএইচ

