বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে পর্তুগালের সঙ্গে গোলশূন্য ড্র করে গ্রুপ ‘কে’-এর চ্যাম্পিয়ন হয়েছে কলম্বিয়া। শনিবার (২৭ জুন) রাতে অনুষ্ঠিত ম্যাচের পর শীর্ষস্থান ধরে রেখে শেষ বত্রিশ নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকার দলটি। একই সঙ্গে রানার্সআপ হিসেবে নকআউট পর্বে উঠেছে পর্তুগাল।
এর আগেই দুই দল শেষ বত্রিশে খেলার টিকিট নিশ্চিত করেছিল। ফলে ম্যাচটির মূল লড়াই ছিল গ্রুপসেরা হওয়া এবং পরবর্তী রাউন্ডে প্রতিপক্ষ নির্ধারণ।
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় শেষ বত্রিশে কলম্বিয়ার প্রতিপক্ষ হবে ঘানা। অন্যদিকে রানার্সআপ পর্তুগাল মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার।
পুরো ম্যাচজুড়ে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও কোনো দলই গোলের দেখা পায়নি। প্রথমার্ধে পর্তুগালকে এগিয়ে নেওয়ার দারুণ সুযোগ পান ব্রুনো ফার্নান্দেজ। তবে কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভার্গাস অসাধারণ সেভ করে দলকে রক্ষা করেন।
অন্য প্রান্তে পর্তুগালের গোলরক্ষক দিয়োগো কোস্তাও ছিলেন দুর্দান্ত। তিনি ম্যাচে ছয়টি গুরুত্বপূর্ণ সেভ করেন, যা বিশ্বকাপে আগের দুই ম্যাচ মিলিয়ে তার মোট সেভের সংখ্যার চেয়েও বেশি।
মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচটি দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন ৬৪ হাজার ৪৭৮ জন দর্শক। মাঠে উপস্থিত ছিলেন কলম্বিয়ার কিংবদন্তি ফুটবলার কার্লোস ভালদেরামা, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, এফবিআই পরিচালক কাশ প্যাটেল, এনএফএল তারকা জেমিস উইনস্টন, এনবিএ তারকা জিমি বাটলার, হলিউড অভিনেতা ম্যাট ডেমন এবং সাবেক এনএফএল খেলোয়াড় চ্যাড জনসন।
চ ঘিরে দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। টিকিটের ব্যাপক চাহিদার কারণে অনেক সমর্থক মাঠে প্রবেশ করতে না পারায় দক্ষিণ ফ্লোরিডার বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়। সেখানে কয়েক হাজার ফুটবলপ্রেমী একসঙ্গে ম্যাচটি উপভোগ করেন।

