পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর আজ। সোমবার (১৬ মার্চ) সন্ধ্যার পর থেকে শুরু হবে মহিমান্বিত এই রজনী। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে পবিত্র শবে কদর পালিত হবে।
মহান আল্লাহতায়ালা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী, হাজার মাসের ইবাদতের চেয়েও এই রাতের ইবাদত উত্তম। এ রাতে মহান আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র এই রাতে ইবাদত-বন্দেগির মাধ্যমে মুসলমানরা মহান আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন এবং তার অসীম রহমত, বরকত, নাজাত ও মাগফেরাত কামনা করেন।
পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরের রাতেই পবিত্র কোরআন নাজিল হয়েছিল। তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানরা দিনগত রাতজুড়ে মসজিদ ও বাসাবাড়িতে ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন। এ রাতে নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আসকার, দোয়া, মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাত করা হবে।
পবিত্র শবে কদর উপলক্ষে পরদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদে রাতব্যাপী ওয়াজ মাহফিল, ধর্মীয় বয়ান, মিলাদ ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।
এছাড়া শবে কদর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল, বাংলাদেশ বেতার ও বেসরকারি রেডিও বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে। একই সঙ্গে বিভিন্ন সংবাদপত্রেও প্রকাশিত হবে বিশেষ নিবন্ধ।
ম্যাংগোটিভি /আরএইচ

