প্রবাসীদের স্বজনদের জন্য দেশে রেমিট্যান্স পাঠানোর আরও একটি সহজ ও দ্রুত মাধ্যম চালু হয়েছে। ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ ও ন্যাশনাল ব্যাংক পিএলসির যৌথ উদ্যোগে এখন ন্যাশনাল ব্যাংকের রেমিট্যান্স গ্রাহকেরা সরাসরি নগদ ওয়ালেটের মাধ্যমে অর্থ গ্রহণ করতে পারবেন।

চুক্তির আওতায় বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্স ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে নগদে সরাসরি সুবিধাভোগীদের মোবাইল ওয়ালেটে পৌঁছে দেওয়া হবে। ফলে প্রবাসীরা আন্তর্জাতিক এক্সচেঞ্জ হাউস, মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) কিংবা ব্যাংকের মাধ্যমে অর্থ পাঠাতে পারবেন। দেশের প্রত্যন্ত অঞ্চলসহ যেকোনো স্থান থেকে গ্রাহকেরা ২৪ ঘণ্টা সর্বনিম্ন ক্যাশ আউট খরচে এই অর্থ গ্রহণ ও ব্যবহার করতে পারবেন।

এ সেবার আওতায় রেমিট্যান্স গ্রহীতারা সরকারের ঘোষিত ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনাও উপভোগ করবেন। বর্তমানে ৬০টিরও বেশি মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) এবং সারাদেশে তিন লাখের বেশি নগদ উদ্যোক্তা পয়েন্টের মাধ্যমে এ সুবিধা পাওয়া যাচ্ছে।

সম্প্রতি ঢাকার বনানীতে নগদের প্রধান কার্যালয়ে ন্যাশনাল ব্যাংক পিএলসি ও নগদের মধ্যে রেমিট্যান্স পেমেন্টবিষয়ক এ চুক্তি স্বাক্ষরিত হয়। ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী এবং নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) মো. মেশকাত-উল-আনোয়ার খান, রেমিট্যান্স বিভাগের প্রধান মিল্টন রায়, নগদের সিনিয়র সহযোগী প্রশাসক মো. হাবিবুর রহমান ও মো. আবু তালেব, সহযোগী প্রশাসক আনোয়ার উল্লাহ, চিফ কমার্শিয়াল অফিসার মুহম্মদ শাহীন সারোয়ার ভূঁইয়া, রেমিট্যান্স বিভাগের প্রধান মো. আহসানুল হক বাশারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে রেমিট্যান্স সেবার আওতায় আনতে এটি একটি যুগান্তকারী উদ্যোগ। এই চুক্তির মাধ্যমে রেমিট্যান্সের প্রবাহ বাড়ার পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version