দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এই রোগে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৭ জন।
আজ বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে ৯৬৬ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ হাজার ৮৯৫ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ল্যাব টেস্টে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১১১ জন। গত ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা মোট ১০ হাজার ৬৩৪ জন।
বিজ্ঞপ্তিতে হাসপাতাল ও মৃত্যুর সার্বিক চিত্র তুলে ধরে আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩ হাজার ২৭৭ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৯ হাজার ৬৮৮ জন।
চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত সন্দেহজনক হাম ও এর উপসর্গ নিয়ে দেশে মোট ৫৬৮ শিশুর মৃত্যু হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে নতুন করে কারও মৃত্যু হয়নি। ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মোট ৯৩ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানানো হয়েছে।

