ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক ও সিকদার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক রন হক শিকদার মারা গেছেন।
সোমবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পরিবারের ঘনিষ্ঠজনরা।
সাম্প্রতিক বছরগুলোতে নানা বিতর্কে আলোচনায় ছিলেন রন হক সিকদার। ঋণ অনিয়ম, অর্থপাচারসহ বিভিন্ন অভিযোগে তার নাম উঠে আসে।
২০২৪ সালে দুর্নীতি দমন কমিশন তার ও তার ভাই রিক হক সিকদারের বিরুদ্ধে প্রায় ৭১ কোটি টাকা পাচারের অভিযোগে দুটি মামলা করে এবং পরে অভিযোগপত্র অনুমোদন করে। অভিযোগে বলা হয়, আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের সীমার বাইরে বিপুল পরিমাণ ডলার ব্যয় করে তা বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধ করা হয়েছে।
এর আগে ২০২০ সালে একটি ব্যাংকের দুই কর্মকর্তাকে নির্যাতন ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগেও তার ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলা হয়। এছাড়া আর্থিক অনিয়ম, অর্থ আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগে আরও তদন্ত চলছিল।
রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি। গ্রেপ্তার এড়াতে তিনি বিদেশে অবস্থান করছিলেন বলে জানা যায়। পরিবারের ঘনিষ্ঠজনদের ভাষ্য, লিভারের জটিলতা নিয়ে এক সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি হওয়ার পরই তার মৃত্যু হয়।
ম্যাংগোটিভি /আরএইচ

