চলতি অর্থবছরের শেষ কার্যদিবসে দেশের শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। মূল্যসূচকের পাশাপাশি লেনদেনও বেড়ে ২০২৪ সালের আগস্টের পর সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। মঙ্গলবার (৩০ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৫৭৩ কোটি ৬৫ লাখ টাকার লেনদেন হয়েছে, যা প্রায় দুই বছরের মধ্যে সর্বোচ্চ।
দিনভর অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৬২ পয়েন্টে। একই সঙ্গে ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৭৮ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ সূচক দশমিক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৮ পয়েন্টে অবস্থান করেছে।
লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ২৪৯টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ৯৪টির দাম কমেছে এবং ৫৪টির দাম অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৩৫১ কোটি ৫১ লাখ টাকা। সে হিসাবে একদিনে লেনদেন বেড়েছে ২২২ কোটি ১৪ লাখ টাকা।
এর আগে ২০২৪ সালের ১১ আগস্ট ডিএসইতে ২ হাজার ১০ কোটি ৯ লাখ টাকার লেনদেন হয়েছিল।
এদিন সবচেয়ে বেশি ৭৪ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। দ্বিতীয় অবস্থানে থাকা বেক্সিমকোর শেয়ার লেনদেন হয়েছে ৬০ কোটি ৭৯ লাখ টাকা এবং তৃতীয় স্থানে থাকা মালেক স্পিনিংয়ের শেয়ার লেনদেন হয়েছে ৫৭ কোটি ৪৯ লাখ টাকা। এছাড়া শীর্ষ লেনদেনের তালিকায় ছিল সামিট অ্যালায়েন্স পোর্ট, আইপিডিসি ফাইন্যান্স, আইটি ফারইস্টা নিটিং ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) ইতিবাচক ধারা অব্যাহত ছিল। সিএএসপিআই সূচক ৯৮ পয়েন্ট বেড়েছে। লেনদেনে অংশ নেওয়া ২৬১ প্রতিষ্ঠানের মধ্যে ১৫১টির দাম বেড়েছে, ৬৯টির কমেছে এবং ৪১টির দাম অপরিবর্তিত রয়েছে। এ বাজারে মোট লেনদেন হয়েছে ৪১ কোটি ১৩ লাখ টাকা, যা আগের কার্যদিবসের ৩৪ কোটি ২৯ লাখ টাকার তুলনায় বেশি।
ম্যাংগোটিভি /আরএইচ

