পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে ঘোষিত ছুটির মধ্যেও নির্দিষ্ট শিল্পাঞ্চলে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, বুধবার (১৮ মার্চ) নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকায় দেশের সব তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা বন্ধ থাকবে। তবে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকায় শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে কিছু শাখা খোলা রাখা হবে।
নির্দেশনা অনুযায়ী, ঢাকা মহানগরীসহ আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম অঞ্চলের পোশাক শিল্প এলাকায় অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো বুধবার ও বৃহস্পতিবার (১৮ ও ১৯ মার্চ) সীমিত জনবল দিয়ে কার্যক্রম পরিচালনা করবে।
এই দুই দিন ব্যাংকের অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।
এছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর (পোর্ট ও কাস্টমস) এলাকায় অবস্থিত ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলোতে ১৭ থেকে ২৩ মার্চ (ঈদের দিন ব্যতীত) আমদানি-রফতানি সংক্রান্ত কার্যক্রম সীমিত পরিসরে চালু রাখা যাবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে স্থানীয় প্রশাসন ও বন্দর-কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে বলা হয়েছে।
ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী ভাতা পাবেন বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।
ম্যাংগোটিভি /আরএইচ

