উপজেলা ও জেলা পর্যায়ের স্বাস্থ্য প্রশাসকদের ব্যবস্থাপনাগত দক্ষতা বাড়াতে সাভারে নির্মিত হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট দ্রুত চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। পাশাপাশি প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার আগ পর্যন্ত জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম)-কে মাঠপর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের ব্যবস্থাপনা প্রশিক্ষণ দেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার (৪ আগস্ট) সকালে রাজধানীর মহাখালীতে নিপসম অডিটোরিয়ামে ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতে পরিচালিত গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার প্রাথমিক স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং প্রান্তিক মানুষের দোরগোড়ায় সরকারি স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, দেশের সব ৩০ ও ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে ১০১ শয্যার হাসপাতালে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যব্যবস্থা দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। পর্যাপ্ত বিনিয়োগ, দক্ষ জনবল ও কার্যকর সরবরাহ ব্যবস্থা না থাকায় স্বাস্থ্যসেবার কাঠামো দুর্বল হয়ে পড়েছে।
নিপসম পরিচালিত গবেষণার প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, মাঠপর্যায়ে প্রতিদিন যে বিপুল পরিমাণ স্বাস্থ্যসংক্রান্ত তথ্য সংগ্রহ হয়, তা ব্যবহার করে উপজেলা পর্যায়েই স্থানীয় স্বাস্থ্য পরিকল্পনা প্রণয়ন করতে হবে। এ জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) অনলাইনভিত্তিক ডেটা ব্যবহারের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
মেডিকেল শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করতে নিপসমকে বিশেষ উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়ে ড. এম এ মুহিত বলেন, প্রতিযোগিতার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের বাছাই করে তিন থেকে ছয় মাসের গবেষণা মেন্টরিং দিলে দেশে দক্ষ গবেষক তৈরিতে সহায়তা হবে।
তিনি আরও বলেন, উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে শুধু চিকিৎসক নিয়োগ দিলেই হবে না; প্রশাসনিক দায়িত্বে থাকা চিকিৎসকদের পেশাগত ব্যবস্থাপনা প্রশিক্ষণও নিশ্চিত করতে হবে। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তোলাকেও সরকার সমান গুরুত্ব দিচ্ছে।
নিপসমের পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. বেনজির আহমেদ, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিলসহ স্বাস্থ্য অধিদপ্তর ও নিপসমের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ম্যাংগোটিভি /আরএইচ

