ব্যতিক্রমধর্মী এক চায়ের আড্ডায় তরুণ-যুবকদের সঙ্গে খোলামেলা আলোচনায় অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। দেশের যুবসমাজের ভাবনা, স্বপ্ন ও নানা সমস্যা উঠে আসে এই আড্ডায়।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী ডিওএইচএস খেলার মাঠে এ চায়ের আড্ডার আয়োজন করা হয়। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কনটেন্ট জেনারেশন টিমের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

চায়ের কাপে চুমুক দিতে দিতে জাইমা রহমান বলেন, দেশের উন্নয়নে সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। বিশেষ করে তরুণরা যেন গঠনমূলক কাজে সক্রিয়ভাবে যুক্ত হতে পারে, সে জন্য একটি কমন প্ল্যাটফর্ম থাকা প্রয়োজন।

অনলাইন জগতের অন্ধকার দিক নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। সাইবার বুলিং প্রসঙ্গে জাইমা রহমান বলেন, শুধু আইন করলেই হবে না, তার কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর কার্যালয় যদি বাংলাদেশে থাকত, তাহলে এসব সমস্যার সমাধান আরও সহজ হতো বলেও মত দেন তিনি।

আড্ডায় অংশ নেওয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর বায়ুদূষণ, যানজট, কর্মসংস্থানের সংকটসহ নানা নাগরিক সমস্যার কথা তুলে ধরেন। এসব বিষয়ে তরুণদের কণ্ঠকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন জাইমা রহমান।

শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গে তিনি বলেন, প্রাথমিক স্তর থেকেই পরিকল্পিত পদক্ষেপ নেওয়া গেলে শহর ও গ্রামের শিক্ষার বৈষম্য অনেকটাই কমানো সম্ভব। পাশাপাশি উচ্চশিক্ষায় মূল কারিকুলামের বাইরে ব্যবহারিক শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

তরুণদের উদ্যম ও দেশপ্রেমকে ইতিবাচকভাবে দেখার আহ্বান জানিয়ে জাইমা রহমান বলেন, দেশের উন্নয়নে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এমন প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে, যেখানে সবার অংশগ্রহণ থাকবে।

চায়ের আড্ডার শেষ পর্বে ভবিষ্যতে এ ধরনের আরও আয়োজনের প্রতিশ্রুতি দেন জাইমা রহমান। তরুণদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং তাদের সমস্যা শোনার একটি কার্যকর মঞ্চ হিসেবে এই আয়োজন বিশেষ গুরুত্ব পায়।

আড্ডার এক পর্যায়ে জাইমা রহমান তরুণদের সঙ্গে একসঙ্গে চা, চটপটি, জিলাপি ও ঝালমুড়ি উপভোগ করেন, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত ও আন্তরিক করে তোলে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version