গেমার ও উচ্চক্ষমতার ব্যবহারকারীদের লক্ষ্য করে শক্তিশালী স্পেসিফিকেশন নিয়ে বাজারে এসেছে অরোস প্রাইম থ্রি-সিরিজের নতুন ডেস্কটপ। বিশ্বখ্যাত ব্র্যান্ড নির্মাতা গিগাবাইট এই সিরিজে দুটি ভিন্ন কনফিগারেশনের মডেল বাজারজাত করছে, যেখানে পারফরম্যান্স ও দামের মধ্যে রাখা হয়েছে ভিন্নতা।
উচ্চক্ষমতার ভ্যারিয়েন্ট মডেল এপি৩এ৫এন৬টি-৫১০৩-এ ব্যবহার করা হয়েছে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০৬০ টিআই গ্রাফিক্স কার্ড (১৬ জিবি), সঙ্গে ৩২ জিবি ডিডিআর ৫ র্যাম (৫৬০০ মেগাহার্টজ)। এতে রয়েছে এএমডি রাইজেন ৫ ৯৫০০এফ প্রসেসর, ১ টেরাবাইট জেন৪
এসএসডি, এআরজিবি এয়ার কুলার এবং ৬৫০ ওয়াট ৮০ প্লাস গোল্ড পাওয়ার সাপ্লাই। অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে উইন্ডোজ ১১ হোম। এই মডেলের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৫ হাজার টাকা।
অন্যদিকে তুলনামূলক কম দামের মডেল এপি৩এ৫এন৬-৫১০৪-এ রয়েছে আরটিএক্স ৫০৬০ ডব্লিউএফ২ ম্যাক্স ৮ জিবি গ্রাফিক্স, ১৬ জিবি ডিডিআর৫ র্যাম (৫৬০০ মেগাহার্টজ), একই রাইজেন ৫ ৯৫০০এফ প্রসেসর এবং ১ টেরাবাইট জেন৪ এসএসডি। এই মডেলেও আরজিবি কুলিং ও ৬৫০ ওয়াট গোল্ড পাওয়ার সাপ্লাই যুক্ত রয়েছে। এর বাজারমূল্য রাখা হয়েছে ১ লাখ ৯৫ হাজার টাকা।
দুটি মডেলেই দ্রুতগতির পারফরম্যান্স নিশ্চিত করতে জেন৪ এসএসডি এবং ডিডিআর৫ মেমোরি ব্যবহার করা হয়েছে, যা গেমিং, মাল্টিটাস্কিং ও কনটেন্ট তৈরির কাজে বাড়তি সুবিধা দেবে। পাশাপাশি উন্নত কুলিং সিস্টেম দীর্ঘ সময় ভারী ব্যবহারের মধ্যেও স্থিতিশীল পারফরম্যান্স নিশ্চিত করবে।
গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান বলেন, উচ্চ ফ্রেমরেট গেমিং এবং এআই-ভিত্তিক কাজের জন্য এই সিরিজের ডেস্কটপগুলো বাংলাদেশের গেমারদের জন্য একটি শক্তিশালী অপশন হয়ে উঠতে পারে। দেশের বাজারে এটি নিয়ে আসছে ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।
ম্যাংগোটিভি /আরএইচ


