গাজায় দীর্ঘদিনের সামরিক অভিযান ও চলমান সংঘাতের প্রভাবে তীব্র মানসিক চাপে পড়ে একের পর এক আত্মহত্যা করছেন ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যরা। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত অন্তত ১৬ জন সেনা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে ইসরায়েলের সংবাদপত্র হারেৎস।
বুধবার (২৯ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদমাধ্যমটি।
প্রতিবেদনে বলা হয়, আত্মহত্যাকারীদের মধ্যে সম্প্রতি মাত্র দুই দিনের ব্যবধানে দুই নারী সেনা সদস্যও রয়েছেন। তাদের একজন মিসর সীমান্তসংলগ্ন বারদেলাস ব্যাটালিয়নে এবং অন্যজন তেল আবিবের কাছে গ্লিলট সামরিক ঘাঁটির গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন।
হারেৎস জানায়, গোয়েন্দা বিভাগে কর্মরত ওই সেনা সদস্য মানসিক অবসাদের কারণে আগেই সামরিক দায়িত্ব থেকে অব্যাহতি অথবা কাজের চাপ কমানোর আবেদন করেছিলেন। তবে সামরিক কর্তৃপক্ষ তার আবেদন গ্রহণ করেনি।
দুই আত্মহত্যার ঘটনার পর পৃথক তদন্ত শুরু করেছে ইসরায়েলের সামরিক পুলিশ।
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, গাজায় দীর্ঘমেয়াদি যুদ্ধ, লেবানন সীমান্তে উত্তেজনা এবং পশ্চিম তীরে টানা মোতায়েনের কারণে সেনাসদস্যদের ওপর তীব্র মনস্তাত্ত্বিক চাপ তৈরি হয়েছে। দীর্ঘ সময় যুদ্ধক্ষেত্রে দায়িত্ব পালন এবং সহিংসতার অভিজ্ঞতা তাদের মানসিক স্বাস্থ্যের ওপর গুরুতর প্রভাব ফেলছে।
এর আগে ২০২৫ সালেও ইসরায়েলি সেনাবাহিনীতে কর্মরত অন্তত ২২ জন সেনার আত্মহত্যার ঘটনা নথিভুক্ত হয়, যা দেশটির গত ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সামরিক বিশেষজ্ঞদের মতে, যুদ্ধজনিত মানসিক চাপ, ট্রমা এবং দীর্ঘমেয়াদি সংঘাতের প্রভাব সেনাসদস্যদের মধ্যে আত্মহত্যার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিচ্ছে।
ম্যাংগোটিভি /আরএইচ


