কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ভয়াবহ রেল দুর্ঘটনায় ১২ জন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (২২ মার্চ) ভোরে উপজেলার জাঙ্গালিয়া কচুয়া এলাকায় চট্টগ্রামগামী মেইল ট্রেনের ধাক্কায় মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুমড়ে-মুচড়ে এ হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন পৃথকভাবে তিনটি তদন্ত কমিটি গঠন করেছে। পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট লেভেল ক্রসিংয়ের দুই গেটম্যান-মেহেদী হাসান ও হেলাল উদ্দিনকে বরখাস্ত করা হয়েছে।

পূর্বাঞ্চল রেলওয়ের ডিজিএম সুবক্তগীন জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ের পক্ষ থেকে দুটি এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে ভোরে রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রামগামী ট্রেনটি বাসটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বহু হতাহতের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সাতজন পুরুষ, তিনজন নারী ও দুইজন শিশু রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ইপিজেড ফাঁড়ির উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version