মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও হরমুজ প্রণালিতে নৌ-অবরোধের প্রেক্ষাপটে ইসরায়েলের সঙ্গে সব ধরনের সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা স্থগিত করার ঘোষণা দিয়েছে ইতালি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভেরোনায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। খবর বিবিসির।

মেলোনি বলেন, হরমুজ প্রণালির চলমান সংকট নিরসন এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথ পুনরায় চালু করতে সব ধরনের সম্ভাব্য প্রচেষ্টা চালানো জরুরি। বর্তমান পরিস্থিতি বিবেচনায় ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতা অব্যাহত রাখা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, ইতালি ও ইসরায়েলের মধ্যে প্রতিরক্ষা চুক্তিটি ২০০৩ সালে স্বাক্ষরিত হয়। গত কয়েক দশক ধরে প্রতি পাঁচ বছর অন্তর এটি নবায়ন করা হয়ে আসছিল।

চুক্তির আওতায় দুই দেশের মধ্যে সামরিক সরঞ্জাম বিনিময়, প্রতিরক্ষা সংক্রান্ত যৌথ গবেষণা এবং প্রযুক্তি উন্নয়ন কার্যক্রম চলমান ছিল। ইতালীয় সংবাদ সংস্থা আনসা জানিয়েছে, বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক পরিস্থিতির কারণে এই চুক্তির ‘স্বয়ংক্রিয় নবায়ন’ স্থগিত করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, ন্যাটো জোটের একটি গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ইতালির এই সিদ্ধান্ত ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়াতে পারে। একইসঙ্গে ইউরোপীয় দেশগুলোর নীতিতে সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিতও দিচ্ছে এ পদক্ষেপ।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version