একীভূত হওয়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক নিয়ে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংকের’ আমানতকারীরা তাদের জমানো টাকা ফেরত এবং ‘হেয়ার কাট’ সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাজপথে নেমেছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ‘আমানতকারী’ ব্যানারে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের নেওয়া একটি অযৌক্তিক সিদ্ধান্তে পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের আমানতের ওপর গত দুই বছরের অর্জিত মুনাফা কেটে নেওয়া হয়েছে। এর বদলে আমানতকারীদের মাত্র ৪ শতাংশ ‘অনুকম্পা’ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যাকে তারা অন্যায্য ও অমানবিক বলে অভিহিত করেছেন।
আন্দোলনকারীরা জানান, গত দুই বছর ধরে তারা ব্যাংক থেকে তাদের মূলধন ও মুনাফার টাকা উত্তোলন করতে পারছেন না। এর ফলে অসংখ্য পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে। তাদের দাবি, অবিলম্বে এই ‘হেয়ার কাট’ সিদ্ধান্ত বাতিল করে ২০২৪ ও ২০২৫ সালের চুক্তিবদ্ধ মুনাফাসহ আমানতের সম্পূর্ণ অর্থ ফেরত দিতে হবে।
কর্মসূচি চলাকালে বিক্ষোভকারীরা কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ফটকের সামনে অবস্থান নিলে সাধারণ মানুষের প্রবেশে সাময়িক বিঘ্ন ঘটে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল ও প্রবেশ স্বাভাবিক হয়।
বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, তাদের দাবি দ্রুত বাস্তবায়িত না হলে আগামী ১২ মার্চ (বৃহস্পতিবার) বাংলাদেশ ব্যাংক ঘেরাও করা হবে। একইসঙ্গে তারা দেশের অন্যান্য তফসিলি ব্যাংকের লেনদেন পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করারও আহ্বান জানান।
উল্লেখ্য, আর্থিক খাতের সংস্কারের অংশ হিসেবে সম্প্রতি দুর্বল পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংককে একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করা হয়েছে। তবে আমানত সুরক্ষা ও মুনাফা নিয়ে সৃষ্ট জটিলতায় গ্রাহকদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে।
ম্যাংগোটিভি /আরএইচ

