আন্দামান সাগরে একটি ট্রলারডুবির ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ২৫০ জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের মধ্যে রোহিঙ্গা শরণার্থীদের পাশাপাশি বাংলাদেশি নাগরিকও রয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছে ইউএনএইচসিআর এবং আইওএম।
জানা গেছে, ট্রলারটি টেকনাফ উপকূল থেকে অবৈধভাবে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। পথে আন্দামান সাগরে প্রচণ্ড বাতাস ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনের কারণেও দুর্ঘটনাটি ভয়াবহ আকার ধারণ করে।
বিবৃতিতে বলা হয়, এই মর্মান্তিক ঘটনা দীর্ঘদিনের বাস্তুচ্যুতি সংকট এবং রোহিঙ্গাদের জন্য টেকসই সমাধানের অভাবের প্রতিফলন। রাখাইন রাজ্য-এ চলমান সহিংসতা তাদের নিরাপদে প্রত্যাবর্তনের সম্ভাবনা ক্ষীণ করে দিয়েছে।
এছাড়া শরণার্থী শিবিরে মানবিক সহায়তা কমে যাওয়া, শিক্ষা ও কর্মসংস্থানের অভাবসহ নানা কারণে অনেকে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে পাড়ি জমাতে বাধ্য হচ্ছেন। পাচারকারীদের প্রলোভনও এতে বড় ভূমিকা রাখছে।
আন্তর্জাতিক সংস্থাগুলো সতর্ক করে বলেছে, সমন্বিত উদ্যোগ না নিলে এ ধরনের বিপজ্জনক যাত্রায় আরও প্রাণহানি ঘটতে পারে। একই সঙ্গে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রোহিঙ্গা সংকট মোকাবিলায় সহযোগিতা ও অর্থায়ন বাড়ানোর আহ্বান জানিয়েছে।
ম্যাংগোটিভি /আরএইচ

